রাষ্ট্রপতি নির্বাচনে কে পেলেন কত ভোট
জ
জনতার দৃষ্টি
আপডেট: 3 weeks ago

রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব) অলি আহমদ
দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেখল বাংলাদেশ।
সংসদে সাধারণ আসন ও সংরক্ষিত মিলে ৩৪৯ ভোটের মধ্যে বিএনপি-২৪৭ জন, জামায়াতে ইসলামী-৭৭ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-৮ জন, স্বতন্ত্র-৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিস-৩ জন, অন্যান্য ছোট দল মিলিয়ে-৬ জন সংসদ সদস্য। যার মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩৪৩ টি।
বাকি ৬ জন বিভিন্ন কারণে ভোট দেননি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না।
ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ভোট দেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
গত ২৪ জুলাই ২২-তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
১৯৯১ সালের পর আর নির্বাচন হয়নি। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন জাতীয় সংসদ সদস্যরা। আগের নির্বাচনগুলোতে সংসদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধী দল থেকে কোনো প্রার্থী আসেননি। একক প্রার্থী থাকায় বারবার রাষ্ট্রপতি পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবার সরকার দলীয় সংসদ সদস্যদের ভোটে হেরে যাওয়া নিশ্চিত জেনেও বিরোধী দল থেকে প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে প্রার্থী দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রেসিডেন্ট প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদ।


